Logo
প্রিন্টের তারিখ: 24 November 2026 | প্রকাশের তারিখ: Nov 24, 2026

সংবাদ শিরোনাম : গোপালগঞ্জে পরকীয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা আটক, এলাকায় চাঞ্চল্য

গোপালগঞ্জে পরকীয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা আটক, এলাকায় চাঞ্চল্য

আজিজুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের এক নেতাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম আল আমিন রেজোয়ান। তিনি আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। একটি নাশকতার মামলার পলাতক আসামি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে তিনি কাশিয়ানী উপজেলার ঘৃতকান্দি গ্রামের প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল আকনের বাড়িতে আশ্রয় নিয়ে অবস্থান করছিলেন। পাশাপাশি দুই উপজেলা হওয়ায় আল আমিন ও রুবেল আকনের মধ্যে আগে থেকেই পরিচয় ও সুসম্পর্ক ছিল। রুবেল আকন তাঁকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন বলেও স্থানীয়রা জানান।

তবে গতকাল রাতে রুবেল আকনের স্ত্রীর সঙ্গে আল আমিন রেজোয়ানকে আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়ার অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে বেঁধে রাখেন।

পরবর্তীতে তাঁকে থানায় সোপর্দ করার উদ্যোগ নেওয়া হলেও থানার কার্যক্রম বন্ধ থাকায় তা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে স্থানীয় লোকজন তাঁকে মারধর করে ছেড়ে দেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি, সংশ্লিষ্ট পরিবার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ মানবতার সংবাদ
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF